
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি,
টানা নয় দিন ধরে চলা সড়ক অবরোধ কর্মসূচি এক দিনের জন্য শিথিল করার ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে আগামী রোববার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাজেক সড়কে যান চলাচলের সুযোগ দেওয়া হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা। বিজ্ঞপ্তিতে সংগঠন দুটির পক্ষে বাবুধন চাকমা ও নতুন জয় চাকমার ঘোষণার বিষয়টি উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় চাহিদা ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অবরোধ শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রোববার সন্ধ্যা ৬টার পর থেকে আগের মতোই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব নির্বিঘ্নে উদ্যাপনের বিষয়টিও বিবেচনায় রেখেছে আন্দোলনকারী সংগঠন দুটি। এ ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বিশেষ শিথিলতার ব্যবস্থা রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান ও বিহার কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বিভিন্ন দাবিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর থেকে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। এতে পর্যটননির্ভর সাজেকের ব্যবসা-বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে পর্যটন কার্যক্রম, পণ্য সরবরাহ ও স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াত। দীর্ঘদিনের অবরোধে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম দুর্ভোগ।

























