
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পঞ্চবটি মোড় সংলগ্ন অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক থেকে ধর্মগঞ্জ পর্যন্ত আয়োজিত কর্মসূচিতে আনুমানিক ৭০০ থেকে ৮০০ নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এতে সভাপতিত্ব করেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট বাড়ি ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মাহমুদ চৌধুরী, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও নৈরাজ্য প্রতিরোধে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্ব ও পরিকল্পনায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

























