
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনের ধাক্কায় শহীদ আকন্দ (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ফতুল্লা পোস্ট অফিস সংলগ্ন বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদ আকন্দ কিশোরগঞ্জের হোসেনপুর থানার গোবিন্দপুর এলাকার মৃত আব্দুল কাদের আকন্দের ছেলে।
জানা গেছে, রাত ১১টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রেনের ধাক্কায় শহীদ আকন্দ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরবর্তীতে মরদেহটি রেলওয়ে স্টেশনে রাখা হয়েছে বলে জানা যায়।
নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরিবারের নিকটাত্মীয়ের সন্ধান পাওয়া গেলে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


























