
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের কথিত অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা পেট্রোল পাম্প এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০০ থেকে ১১০ জন নেতাকর্মী অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও তাঁর রাজনৈতিক সচিব খায়রুল ইসলাম সজীবের নির্দেশনায় এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, উপজেলা বিএনপির সদস্য আতাউর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলু মেম্বার, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ আলম, জামপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পনির হোসেন মিন্টু, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোকবুল, জাসাসের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি সোলমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলে মো. সেলিম হোসেন বলেন, “গণতন্ত্র, শান্তি, জননিরাপত্তা ও মানুষের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। অন্যায়, অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে।”
পরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তি ও গণতন্ত্রের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

























