
আন্তর্জাতিক ডেস্ক,
আমাদের চেনা চাঁদের পাশাপাশি মহাকাশে এখন পৃথিবীকে ঘিরে ঘুরছে আরেকটি ক্ষুদ্র অতিথি। গত এপ্রিল মাসে পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে ধরা পড়া একটি ছোট গ্রহাণু আপাতত পৃথিবীর অস্থায়ী ‘মিনি-মুন’ বা খুদে চাঁদ হিসেবে অবস্থান করছে। প্রায় ২ মিটার বা ৬ ফুট চওড়া এই পাথুরে বস্তুটি ডিসেম্বরের শুরুতে পৃথিবীর প্রভাববলয় ছেড়ে আবার সূর্যের চারপাশে নিজস্ব কক্ষপথে ফিরে যাবে।
যেভাবে শনাক্ত হলো খুদে চাঁদ
মহাকাশের এই ক্ষুদ্র বস্তু শনাক্ত করা সহজ ছিল না। গত আগস্টে হাঙ্গেরির কনকোলি মানমন্দিরের জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টিয়ান সারনেজকি প্রথম এটি শনাক্ত করেন। অস্থায়ীভাবে এর নাম দেওয়া হয় ‘সার২৯০১’। ২০২০ সাল থেকে প্রায় প্রতিটি পরিষ্কার রাতে নিকট-পৃথিবী গ্রহাণু খুঁজছিলেন তিনি। এর আগে প্রায় ৪০০টি গ্রহাণু শনাক্ত করলেও প্রথমে এটিকে সাধারণ একটি বস্তু বলেই মনে হয়েছিল। পরে কক্ষপথ বিশ্লেষণ করে এর বিশেষত্ব বুঝতে পারেন বিজ্ঞানীরা।
বস্তুটি এত ছোট ও অনুজ্জ্বল যে এটি পুরোনো কোনো অকেজো কৃত্রিম উপগ্রহ কিংবা তার ভাঙা অংশ কি না, তা নিশ্চিত হতে কয়েক সপ্তাহ সময় লাগে। সৌর বিকিরণ বস্তুটির গতিপথে কীভাবে প্রভাব ফেলছে, তা পর্যবেক্ষণের মাধ্যমে এর প্রাকৃতিক উৎস সম্পর্কে নিশ্চিত হন গবেষকেরা।
পরে অ্যারিজোনার লোয়েল ডিসকভারি টেলিস্কোপ এবং হাওয়াইয়ের মাউনা কেয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ২ দশমিক ২ মিটার টেলিস্কোপের সহায়তায় বস্তুটির প্রাকৃতিক পরিচয় নিশ্চিত করা হয়। অক্টোবরের শেষ দিকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থার মাইনর প্ল্যানেট সেন্টার এর আনুষ্ঠানিক নাম দেয় ‘২০২৬ কিউকিউ৮’।
বিপদের আশঙ্কা নেই, স্বাভাবিক মহাজাগতিক ঘটনা
‘মিনি-মুন’ কোনো আনুষ্ঠানিক জ্যোতির্বৈজ্ঞানিক পদবি নয়। এর আগে এমন কয়েকটি প্রাকৃতিক মহাজাগতিক বস্তুকে এই নামে অভিহিত করা হয়েছে। যেমন ২০০৬ আরএইচ১২০ প্রায় এক বছর এবং ২০২০ সিডি৩ প্রায় তিন বছর পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল।
মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথু পেইনের মতে, পৃথিবীর এমন অস্থায়ী সঙ্গী থাকা অস্বাভাবিক নয়। গড়ে যেকোনো সময় পৃথিবীর আশপাশে এমন একটি বস্তু থাকতে পারে। কখনো কয়েক সপ্তাহ বা কয়েক মাস অবস্থান করে, আবার কখনো একাধিক বস্তু কিংবা একটিও থাকে না।
এ ধরনের বেশির ভাগ বস্তু এত ছোট, দূরে অবস্থান করে এবং দ্রুতগতিতে চলাচল করে যে বর্তমান পর্যবেক্ষণ ব্যবস্থায় সেগুলো সহজে শনাক্ত করা যায় না।
তবে ২০২৬ কিউকিউ৮ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। পেইন জানান, বস্তুটির আকার এতটাই ছোট যে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও নিরাপদে পুড়ে বা ভেঙে যাবে। এতে বড়জোর আকাশে উজ্জ্বল উল্কা দেখা যেতে পারে এবং সামান্য শব্দ শোনা যেতে পারে।
কোথা থেকে আসে মহাকাশের এসব ভবঘুরে?
এই গ্রহাণুটির উৎপত্তিস্থল সম্পর্কে এখনো গবেষণা চলছে। তবে বেশির ভাগ নিকট-পৃথিবী গ্রহাণু বা এনইও আসে মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণু বেল্ট থেকে। কোটি কোটি বছর ধরে মাধ্যাকর্ষণের প্রভাবে এসব গ্রহাণুর কক্ষপথ পরিবর্তিত হয়ে সৌরজগতের ভেতরের দিকে সরে আসে।
ম্যাথু পেইনের ব্যাখ্যা অনুযায়ী, কোনো গ্রহাণু পৃথিবীর কাছাকাছি এলে পৃথিবী ও চাঁদের মাধ্যাকর্ষণ তার গতিপথ সামান্য বাঁকিয়ে দিতে পারে। এর ফলে বস্তুটি পৃথিবীকে ঘিরে প্রদক্ষিণ শুরু করে এবং সাময়িকভাবে অস্থায়ী সঙ্গীতে পরিণত হয়।
সামনে আরও নতুন আবিষ্কারের সম্ভাবনা
জ্যোতির্বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার নিকট-পৃথিবী গ্রহাণু এবং সৌরজগতে সব মিলিয়ে প্রায় ১৫ লাখ মহাজাগতিক বস্তু শনাক্ত করেছেন।
তবে চিলির ভেরা সি. রুবিন মানমন্দিরে বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে পরিচালিত হচ্ছে ১০ বছর মেয়াদি ‘লিগ্যাসি সার্ভে অব স্পেস অ্যান্ড টাইম’ (এলএসএসটি) প্রকল্প। এটি পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করলে শনাক্ত মহাজাগতিক বস্তুর সংখ্যা ১৫ লাখ থেকে বেড়ে প্রায় ৫০ লাখে পৌঁছাতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

























