
মোঃ সাগর ইসলাম,
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
অভিযানে ১২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৯০টি মোবাইল মাউথ স্পিকার, ৯০টি মোবাইল নেটওয়ার্ক আইসি এবং ৯০টি মোবাইল চার্জার পিন উদ্ধার করা হয়।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত চোরাচালানি চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। অপরাধী চক্র যত কৌশলই অবলম্বন করুক না কেন, তাদের অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আমাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

























