
মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি,
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে কয়েক দফায় এ গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনার সময় সশস্ত্র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে উভয় পক্ষের মধ্যে কয়েক দফায় গোলাগুলি হয়।
তবে গোলাগুলির ঘটনা অস্বীকার করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)। সংগঠনটির দায়িত্বশীল একটি সূত্রের দাবি, সাজেকের কোথাও গোলাগুলির ঘটনা ঘটেনি। মাচালং এলাকাতেও তাদের কোনো সশস্ত্র দল অবস্থান করছে না। এ-সংক্রান্ত খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে সংগঠনটি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, গত কয়েক দিন ধরেই সাজেকের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট এলাকায় থেমে থেমে কয়েক দফায় গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

























