
মোঃ সাগর ইসলাম,
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩ হাজার টাকা বলে জানিয়েছে বাহিনীটি।
শুক্রবার ২০ নভেম্বর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ পীরগঞ্জ সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার ২১ নভেম্বর বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ সীমান্তের একটি সন্দেহজনক স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় ১০ বোতল ভারতীয় মদ এবং ৪৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর ও আপসহীন। চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা রুখতে সীমান্তে নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্তে অনুসন্ধান চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

























