
লিটন রানা, শেরপুর,
শেরপুর জেলা কারাগারে এক মানবিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
আজ বুধবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে তিনি কারাগারে পৌঁছালে কারাগার কর্তৃপক্ষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে স্বাগত জানায়। এরপর তিনি পুরো কারাগার চত্বর ঘুরে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা ম্যাজিস্ট্রেট বন্দিদের আবাসন ব্যবস্থা, খাবারের মান, চিকিৎসা সেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সার্বিক বন্দি ব্যবস্থাপনা কার্যক্রম অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সরেজমিনে পরিদর্শন করেন। তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বন্দিদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের নানা সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এ সময় কারাগারের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও বন্দিদের সুযোগ-সুবিধা আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। জেলা ম্যাজিস্ট্রেট বলেন, “কারাগার শুধু শাস্তির জায়গা নয়, এটি সংশোধনেরও জায়গা। বন্দিরা যাতে সুস্থ পরিবেশে থেকে নিজেদের শুধরে নিয়ে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে, সেদিকে আমাদের সবার যত্নবান হতে হবে।”
পরিদর্শনকালে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দিদের সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য ডিভিশন ভবন দ্রুত মেরামত ও সংস্কারের জন্য বিশেষ তাগিদ প্রদান করেন তিনি। এছাড়া কারাগারের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করতে আরপি গেটের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও জানান।
পরে তিনি কারাগারের বাইরে অপেক্ষমাণ বন্দিদের আত্মীয়-স্বজনদের সঙ্গে হৃদ্যতাপূর্ণভাবে কথা বলেন। তাদের খোঁজ-খবর নেন এবং কারাগারের সেবা নিয়ে তাদের মতামত শোনেন। এ সময় স্বজনরা কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, কর্মকর্তাদের আন্তরিক আচরণ ও সুশৃঙ্খল পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিদর্শন শেষে জেলা ম্যাজিস্ট্রেট কারাগার কর্তৃপক্ষের কর্মতৎপরতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও মানবিক ও আধুনিক ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান।
পরিদর্শনকালে জেলা কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























