
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৩টা ৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের সানারপাড় মৌচাক ইউটার্ন সংলগ্ন চট্টগ্রামগামী মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ৩০ থেকে ৪০ জন ব্যক্তি সেখানে জড়ো হয়ে সরকারবিরোধী মিছিল ও বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। একপর্যায়ে রাস্তার পাশে থাকা স্ত্রী স্টার পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২ নম্বর বাসে আগুন ধরিয়ে দেন। এতে বাসটি পুড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জড়িতরা পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে ১৭ জনের নাম পাওয়া যায় বলে পুলিশ জানায়।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু কাওসার সবুজ বাদী হয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন। মামলার নম্বর ৩২। এতে ১৭ জন নামীয় ও অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৪২৭ ও ৪৩৪ ধারা এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯, ১০, ১১ ও ১২ ধারা উল্লেখ করা হয়েছে।


























