
আন্তর্জাতিক ডেস্ক,
ভারতের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন অব্যাহত রয়েছে। চলতি বছরের শুরুতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৮০ হাজার থেকে ১ লাখ ৮১ হাজার রুপির রেকর্ড উচ্চতায় পৌঁছালেও সাম্প্রতিক পতনে তা নেমে এসেছে ১ লাখ ২৫ হাজার রুপির নিচে।
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) স্বর্ণের ফিউচার দর কমে ১ লাখ ২১ হাজার থেকে ১ লাখ ২২ হাজার রুপির ঘরে নেমেছে। এ পরিস্থিতিতে ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন উঠেছে, ভারতে স্বর্ণের দাম এবার প্রতি ১০ গ্রামে ১ লাখ রুপির নিচে নামবে কি না।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, বন্ডের ফলন বৃদ্ধি এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত স্বর্ণের দামে চাপ তৈরি করেছে। পাশাপাশি নগদ অর্থ সংগ্রহের জন্য বিনিয়োগকারীদের বিক্রি বাড়ানো এবং মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও দরপতনকে ত্বরান্বিত করেছে।
বিশ্লেষক প্রতিষ্ঠান এলকেপির যতীন ত্রিবেদীর মতে, ভারতীয় রুপির মান উল্লেখযোগ্যভাবে বাড়লে এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে ৩ হাজার ডলারের দিকে গেলে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ১ লাখ রুপির কাছাকাছি বা তার নিচে নামতে পারে। তবে দীর্ঘ সময় দাম ১ লাখ ১৫ হাজার রুপির নিচে থাকার সম্ভাবনা কম বলেও মনে করেন তিনি।
অন্যদিকে, দীর্ঘমেয়াদে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা অব্যাহত থাকলে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে বাজার আবার ঘুরে দাঁড়াতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

























