
আরিফ আহমেদ,
সংস্কৃতি মানুষের মনন, মুক্তচিন্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী, আবৃত্তিশিল্পী, সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠকদের সম্মিলিত চর্চায় সমৃদ্ধ হয় একটি জনপদের সাংস্কৃতিক পরিচয়। অথচ বরিশাল জেলা শিল্পকলা একাডেমিকে ঘিরে একের পর এক অভিযোগে সেই সাংস্কৃতিক পরিবেশ ক্রমেই প্রশ্নবিদ্ধ হচ্ছে। সাংস্কৃতিক নেতার চরিত্রহীনতার পাশাপাশি এখানে রীতিমতো সাংস্কৃতিক সংগঠন নিয়েও প্রতারণার অভিযোগ উঠেছে। যে অভিযোগ নিয়ে কুণ্ঠিত খোদ জেলা প্রশাসক মামুন খন্দকার।
বরিশাল শিল্পকলা একাডেমি নামের সরকারি এই প্রতিষ্ঠানটি এখন আর সব শিল্পী ও সাংস্কৃতিক কর্মীর জন্য সমানভাবে উন্মুক্ত নেই; বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক- সাংস্কৃতিক বলয়ের প্রভাবে যাচ্ছেতাই পরিস্থিতি চলছে বলে একাধিক অভিযোগ এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এখানে আগে ছিলো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বা পরিষদের কর্তৃত্ব। আওয়ামী ঘরানার শিল্পী ও সাংস্কৃতিক বলয়ের বাইরে কাউকে প্রবেশের অধিকার দেয়নি তৎকালীন সাংস্কৃতিক গোষ্ঠী। তবে তারাও কমবেশি মেধাবীদের গুরুত্ব দিতেন। এখন তৈরি হয়েছে উল্টো পরিস্থিতি। মেধার কোনো মূল্যায়ন নেই, যোগ্যতার মাপকাঠিতেও পরিত্যক্তদের নিয়ে বিএনপির অংগসংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসাসের স্থানীয় নেতাদের প্রভাব শিল্পকলা একাডেমির ভিতর ও বাইরে। এমনকি মিলনায়তন বরাদ্দের জন্য প্রয়োজন জাসাস সুপারিশ। তাদের পছন্দের সংগঠনকে অনুষ্ঠান ও সুযোগ-সুবিধা দেওয়া, অভিজ্ঞ শিল্পীদের উপেক্ষা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্বচ্ছতা নিয়ে এরকম অসংখ্য অভিযোগ ও প্রশ্ন উঠেছে।
বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী সাংস্কৃতিক অঙ্গনের একাধিক ব্যক্তির অভিযোগ, বরিশালের অতীতের গুণী ও মেধাবী শিল্পী, লেখক, নাট্যকর্মী এবং পুরস্কারপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অনেকেই এখন একাডেমির বিভিন্ন আয়োজন থেকে দূরে রয়েছেন। অন্যদিকে, জাসাসের সঙ্গে সম্পৃক্ত একটি সীমিত গোষ্ঠীকে ঘিরেই অনুষ্ঠান, প্রশিক্ষণ, বিচারক নির্বাচন ও সাংস্কৃতিক আয়োজন পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতাও পাওয়া যায় তাদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালায় দৃষ্টি দিলেই।
একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা তানভীর রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, অনুষ্ঠান আয়োজনের অনুমতি কিংবা কোনো সম্মানী ও বিল-ভাউচার সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে গেলে সংশ্লিষ্টদের জাসাসের বরিশাল দক্ষিণের আহ্বায়ক এস এম সাব্বির নওয়াজ সাগর এবং মহানগর আহ্বায়ক মীর আদনান আহমেদ তুহিনের সঙ্গে যোগাযোগের কথা বলা হয়। অভিযোগ রয়েছে, এতে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার স্বাধীনতা ও সাংস্কৃতিক কর্মীদের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। বিল-ভাউচার ও অর্থব্যয়ের ক্ষেত্রেও স্বচ্ছতার প্রশ্ন তুলেছেন একাধিক সাংস্কৃতিক কর্মী। এ নিয়ে গত অক্টোবরেই একজন সাংস্কৃতিক কর্মী কানিজ জোহরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। অভিযোগে একাডেমিতে প্রভাব বিস্তার, অনিয়ম ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কর্তৃত্ব প্রতিষ্ঠার বিষয় তুলে ধরা হয়। এমনকি জাসাস নেতা সাব্বির নেওয়াজ সাগর এর বিরুদ্ধে মেয়েদের হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগও করেছেন কানিজ জোহরাসহ কয়েকজন নারী। তারা এ নিয়ে শীঘ্রই সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন।
শিল্পকলা একাডেমির সাথে সম্পৃক্ত একজন সাংস্কৃতিক কর্মী বলেন, “জাসাসের নেতৃবৃন্দ অনুষ্ঠান করতে পারেন, কিন্তু সরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারেন না। শিল্পকলা একাডেমি সবার। প্রশিক্ষক, বিচারক ও শিল্পী নির্বাচনে স্বচ্ছতা থাকা উচিত।”
এ বিষয়ে জাসাসের প্রভাব অস্বীকার করে সাংস্কৃতিক কর্মকর্তা তানভীর রহমান বলেন, মিলনায়তন বরাদ্দ পেতে “জাসাস কোনো সমস্যা করবে না, তবে জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে। এখানে পরিস্থিতি এখন এমন যে আমি এখান থেকে চলে যেতে পারলে বাঁচি।” তার এ বক্তব্যের পর সরকারি প্রতিষ্ঠানের সাংস্কৃতিক কর্মকাণ্ডে রাজনৈতিক সংগঠনের ভূমিকার সীমা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।
জেলা প্রশাসক ও একাডেমির সভাপতি মো. মামুন খন্দকার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তদন্তের আশ্বাস দিয়েছেন। তার বক্তব্য, জাসাসের নেতারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা করতে পারেন, তবে সরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করার সুযোগ নেই।
এসব অভিযোগ অস্বীকার করে জাসাস নেতা সাব্বির নেওয়াজ সাগর বলেন, বরিশাল শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা থেকে শুরু করে কিছু লোক জাসাস’র পিছনে চক্রান্তে লিপ্ত রয়েছে। তাদের কাছে শিল্পকলা একাডেমীর মিলনায়তন ভাড়া থেকে শুরু করে যে কোন বিষয় জিজ্ঞাসা করলেই জাসাস’র উপর দোষ চাপিয়ে দিচ্ছে। আমাকে ও তুহিনের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়।
বরিশাল শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম ও অভিজ্ঞ প্রশিক্ষকদের অবস্থান নিয়েও অতীতে অভিযোগ উঠেছে। ২০২৫ সালের জুলাইয়ে প্রকাশিত সংবাদে একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং ১২ জন প্রশিক্ষকের চুক্তি নবায়ন ও প্রশিক্ষক পরিবর্তন নিয়ে উদ্বেগের কথা উঠে আসে। সংগীত, নৃত্য, নাটক, আবৃত্তি ও চারুকলার অভিজ্ঞ প্রশিক্ষকদের আবেদনের বিষয়টি তখন আলোচনায় আসে। যদিও ঘটনাটি আগের কর্মকর্তা ও সময়ের, তবু প্রশিক্ষক নির্বাচন এবং অভিজ্ঞদের ধরে রাখার ক্ষেত্রে একাডেমির স্বচ্ছতা নিয়ে প্রশ্নটি গুরুত্বপূর্ণ।
বরিশালের গুণী শিল্পীদের সম্মাননার ইতিহাসও এই প্রশ্নকে সামনে আনে। ২০১৪ ও ২০১৫ সালের জন্য জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা পাওয়া শিল্পীদের মধ্যে সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক ও যাত্রাশিল্পের বহু পরিচিত মুখ ছিলেন। তাদের মধ্যে সুকুমার সরকার, অঞ্জনা রায়, মীর মুজতবা আলী, হাবিবুল হক, বেলা খান, প্রাণকৃষ্ণ পাল, জ্যোতিপ্রকাশ রায়, মতিলাল বড়াল, রবীন্দ্রনাথ হালদার ও গণেশ চন্দ্র রায়ের নাম উল্লেখযোগ্য। প্রশ্ন উঠেছে, অতীতে স্বীকৃত এসব শিল্পী এবং বরিশালের দীর্ঘদিনের সাংস্কৃতিক কর্মীরা বর্তমান একাডেমির আয়োজন ও সিদ্ধান্ত গ্রহণে কতটা সম্পৃক্ত?
এদিকে দেশীয়/বাংলাদেশী সাংস্কৃতিক জোট, বরিশাল সংস্কৃতি কেন্দ্র ও হেরারশ্মি শিল্পীগোষ্ঠীসহ কয়েকটি সংগঠনের যৌথ অনুষ্ঠানের তথ্যও সামনে এসেছে। ২০২৫ সালের বিজয় দিবসের একটি অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা প্রধান অতিথি ছিলেন; বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সভাপতি সভাপতিত্ব করেন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। ২০২৬ সালের জুলাইয়ে শিবিরের আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যাতেও হেরারশ্মি ও সংশ্লিষ্ট সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণের সংবাদ প্রকাশিত হয়। এসব তথ্য থেকে রাজনৈতিক-সাংস্কৃতিক পরিসরে তাদের দৃশ্যমান যোগাযোগের বিষয়টি উঠে আসে। বরিশাল সংস্কৃতি কেন্দ্রও জামায়াত-সমর্থিত প্রতিষ্ঠান হিসেবে বরিশালে চিহ্নিত ও প্রতিষ্ঠিত। দেশীয় সাংস্কৃতিক জোটের যেকোনো আয়োজনে এই বরিশাল সাংস্কৃতিক জোটের অংশগ্রহণ বা সহযোগিতা স্পষ্ট হয়েছে। এই সংগঠনের পক্ষ থেকে ৪০টির বেশি সংগঠনের নাম প্রকাশ করা হলেও এসব সংগঠনের প্রকৃত কার্যক্রম, স্বতন্ত্র অস্তিত্ব, সদস্যসংখ্যা ও সাংস্কৃতিক অবদানের পূর্ণাঙ্গ কোনো চিত্র বরিশাল অঞ্চলে আলোচিত নয়। তাই নামের তালিকা প্রকাশ হলেই সংগঠনগুলোর সক্রিয়তা বা সাংগঠনিক সক্ষমতার চূড়ান্ত প্রমাণ নয়। তাই জোটের কাছে সংগঠনগুলোর প্রতিষ্ঠাকাল, ঠিকানা, নেতৃত্ব, নিয়মিত আয়োজন ও সদস্যদের পরিচয় প্রকাশের দাবি করেছেন সংশ্লিষ্ট সাংস্কৃতিক কর্মীদের অনেকে।
বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ অনেকেই প্রশ্ন তুলে বলেন, সরকারি শিল্পকলা একাডেমি কি সব শিল্পী ও সংগঠনের সমান অধিকার নিশ্চিত করছে, নাকি রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সুযোগ বণ্টন হচ্ছে? গুণী শিল্পীদের বাদ পড়ার অভিযোগ, প্রশিক্ষক নির্বাচনের বিতর্ক এবং নির্দিষ্ট সংগঠনগুলোর প্রভাবের বিষয়ে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
যদিও সব দোষ অস্বীকার করে জাসাস নেতা সাব্বির নেওয়াজ সাগর বলেন,
সংস্কৃতি কোনো দলের একক সম্পত্তি নয়। বরিশালের শিল্পকলা একাডেমি হতে হবে মেধা, যোগ্যতা ও সৃজনশীলতার মুক্ত মঞ্চ৷ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক সাইফুল আহসান বুলবুল বলেন, অতীতে কি হয়েছে তা ধরে রেখে বর্তমানও যদি একই ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে সৃজনশীলতা মুখ থুবড়ে পড়বে। গুণীশিল্পীর আকাল পরে যাবে। এখানে এখন রাজনৈতিক পরিচয় নয়, শিল্পীর অবদানই মূল্যায়নের প্রধান মানদণ্ড হওয়া উচিত বলে জানান তিনি।

























