
মোঃ মাওলাদ হোসেন মঈন, পিরোজপুর জেলা প্রতিনিধি,
পিরোজপুর- ২ এর ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগে ঘুমন্ত অবস্থায় হেলপার নিহতের ঘটনায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন (এমপি) বলেন ‘শান্ত জনপথকে অশান্ত করতে দেব না। এই এলাকায় ও বাংলাদেশে অগ্নিসংযোগের এই রাজনীতি করতে দেয়া হবে না। একটি মানুষের প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত মাধ্যমে যারা দায়ী তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।
কাউখালীতে রবিবার বিকেলে অগ্নি সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যর প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে চিরাপাড়া থেকে বিক্ষোভ মিছিল শেষে উত্তর বাজার পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পিরোজপুর-২ একটি শান্তিপূর্ণ জনপদ। এ জনপদের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। সহিংসতা, আগুন ও সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যাবে না। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সকলের সহযোগীতা করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্টরা আবারও আগুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি অতীতেও নিজের হাতে আইন তুলে নেননি, এখনো নেবে না। অপরাধ সংঘটিত হলে ও প্রতিশোধ কিংবা পাল্টা প্রতিহিংসার পথে না গিয়ে আইন ও প্রশাসনের মাধ্যমে তার বিচার নিশ্চিত করা হবে।
বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ, এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, লিয়াকত হোসেন। মিছিলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























