
সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৮ নম্বর বিশকাকুনি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজের অবস্থান জানান দিচ্ছেন আলহাজ হাফেজ মো. আবু হানিফ। বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু হানিফ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার কথা তুলে ধরছেন। তাঁর দাবি, ব্যক্তিগত অর্থায়নে নানা উদ্যোগের মাধ্যমে ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থাকায় স্থানীয় পর্যায়ে মানুষের মুখে মুখে রয়েছে তাঁর নাম।
আবু হানিফের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন যাবৎ প্রতি রমজানের ঈদে দরিদ্র মানুষের মধ্যে কাপড় বিতরণ এবং কোরবানির ঈদে আর্থিক সহায়তা দিয়ে আসছেন তিনি। শুধু উৎসবকেন্দ্রিক সহায়তাই নয়, এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা, যোগাযোগ ও চিকিৎসাসেবার ক্ষেত্রেও বিভিন্ন উদ্যোগ নিয়েছেন বলে দাবি তাঁর।
তিনি জানান, নিজ গ্রামে ১৪ শতাংশ জমি কিনে তিনতলা ফাউন্ডেশনের ওপর একতলা ভবন নির্মাণ করেছেন। এ ছাড়া বিশকাকুনি ইউনিয়নের ৮০টির বেশি মসজিদ ও ২০টির বেশি মাদ্রাসায় বিভিন্ন সময়ে আর্থিক অনুদান দিয়েছেন। এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে আসছেন বলে জানান তিনি।
এলাকার অবকাঠামোগত উন্নয়নেও ব্যক্তিগত উদ্যোগের কথা তুলে ধরেন আবু হানিফ। তাঁর ভাষ্য, গ্রামের দুটি ঈদগাহ মাঠে নামাজের লাইন পাকা করেছেন। বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়া বিভিন্ন সড়কে বালি ও খোয়া দিয়ে সংস্কারকাজ করেছেন। পাশাপাশি সরিচতলা স্কুলের খেলার মাঠে নিজ অর্থায়নে দুটি গোলপোস্ট নির্মাণ করেছেন।
করোনাকালেও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর দাবি করেছেন তিনি। ওই সময়ে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। ইউনিয়নের সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজ করতে ব্যক্তিগত অর্থায়নে একটি অ্যাম্বুলেন্স কিনে বিনামূল্যে ব্যবহারের ব্যবস্থা করেছেন বলেও জানান তিনি।
শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডেও সহযোগিতার কথা উল্লেখ করেন আবু হানিফ। বিভিন্ন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শীতকালীন ইসলামি মাহফিলসহ নানা আয়োজনে আর্থিক সহায়তা দিয়ে আসছেন বলে জানান তিনি। ২০২৪ সালে সরকার পতনের পর শিক্ষার্থীরা যখন সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিল, তখন তাঁদের জন্য দুপুরের খাবার, পানি ও স্যালাইনের ব্যবস্থা করেছিলেন বলেও দাবি তাঁর।
এ ছাড়া ফুটবল বিশ্বকাপের খেলা শিক্ষার্থী ও সাধারণ মানুষের একসঙ্গে উপভোগের সুযোগ করে দিতে বিভিন্ন স্থানে প্রজেক্টর ও ৩২ ইঞ্চি টেলিভিশনের ব্যবস্থা করার উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি।
আবু হানিফ বলেন, ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছেন তিনি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে চান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পেলে এলাকার উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখার প্রত্যাশা তাঁর।


























