
মোঃ সাগর ইসলাম,
দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৪২ বিজিবি।
গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখ দিবাগত রাতে এনায়েতপুর বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তপথে মাদক পাচার ও অবৈধ চোরাচালান রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০১ বোতল মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৩০ হাজার ৩০০ টাকা।
এ বিষয়ে ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করে। তাই সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধ করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ব পালনে বিজিবি পেশাদারিত্ব নিষ্ঠা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
বিজিবি জানিয়েছে উদ্ধারকৃত মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পাশাপাশি এই চোরাচালানের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


























