
এস এম রনি,
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং জেলা পরিবেশ ও পরিচ্ছন্নতার উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব রায়হান মোঃ কবির।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ শামীম হোসাইন, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৬০ থেকে ৬৫ জন।
সভায় জেলা প্রশাসক রায়হান মোঃ কবির বলেন, দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে সরকারের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এ বিষয়ে সচেতন হয়ে ওঠে। এ কাজে বাংলাদেশ স্কাউটসসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, শুধু পরিষ্কার করলেই হবে না, যেখানে-সেখানে ময়লা ফেলা থেকেও সবাইকে বিরত থাকতে হবে। সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করলে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব। তিনি জানান, সরকারের উদ্যোগে সারা দেশে স্বেচ্ছাসেবক নিয়োগের পরিকল্পনাও রয়েছে, যা পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করবে।
সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে অভিভাবক, শিক্ষক, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পরে অংশগ্রহণকারীরা এ বিষয়ে মতবিনিময় করেন এবং বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।


























