
চঞ্চল,
লালমনিরহাটের হাতীবান্ধায় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম পলাতক আসামি মোঃ রকিবুল ইসলামকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-১৩। গতকাল রোববার (১০ মে) দিবাগত রাতে রংপুর মহানগরীর দর্শনা মোড় এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়। আজ সোমবার (১১ মে) দুপুরে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল টাকা ধার দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিকটিমকে ডেকে নেয় এই মামলার প্রধান আসামি বেলাল। সন্ধ্যার দিকে হাতীবান্ধার পারুলিয়া গ্রামের একটি নির্জন ভুট্টাক্ষেতের কাছে আসামিরা ওই গৃহবধূর পথরোধ করে। এসময় আসামিরা তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে ভুট্টাক্ষেতের ভেতরে নিয়ে যায় এবং মুখ চেপে ধরে পালাক্রমে পাশবিক নির্যাতন চালায়।
ঘটনার পর ভিকটিম হাতীবান্ধা থানায় মামলা করলে আসামিরা গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে গা ঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ জানতে পারে, ২ নং আসামি রকিবুল রংপুরের তাজহাট থানার দর্শনা এলাকায় আত্মগোপন করে আছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত রকিবুল হাতীবান্ধার উত্তর পারুলিয়া গ্রামের বাসিন্দা।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, নারীর প্রতি যেকোনো সহিংসতা রোধে র্যাব সর্বদা আপসহীন। ধৃত আসামিকে ইতিমধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার মূল হোতা বেলালসহ অন্যান্য পলাতক আসামিদের ধরতেও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
























