
নুর মুহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার কোচ থেকে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসের হেল্পার মো. শেখ রাতুল (২৩)-কে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সেন্টমার্টিন ট্রাভেলস কাউন্টারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসটির স্লিপিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করে পুলিশ।
অভিযান চলাকালে বাসচালক নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

























