
বিনোদন ডেস্ক,
‘জুরাসিক পার্ক’ চলচ্চিত্রে ড. অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া নিউজিল্যান্ডের জনপ্রিয় অভিনেতা স্যাম নিল আর নেই। সোমবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ায় ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানায়নি।
পরিবারের ভাষ্য অনুযায়ী, স্যাম নিলের মৃত্যু ছিল ‘হঠাৎ এবং অপ্রত্যাশিত’। মৃত্যুর সময় তিনি পরিবারের সদস্যদের সান্নিধ্যেই ছিলেন এবং মর্যাদার সঙ্গে শেষ বিদায় নিয়েছেন।
২০২৩ সালে প্রকাশিত আত্মজীবনীতে নিল জানিয়েছিলেন, তিনি তৃতীয় পর্যায়ের নন-হজকিন লিম্ফোমায় আক্রান্ত হয়েছিলেন এবং একসময় নিজেকে মৃত্যুর মুখোমুখি মনে করেছিলেন। পরবর্তীতে জিনভিত্তিক ইমিউন থেরাপির মাধ্যমে তিনি ক্যান্সারমুক্ত হন। পরিবারের দাবি, মৃত্যুর সময়ও তিনি ক্যান্সারমুক্ত ছিলেন।
মৃত্যুর আগে অস্ট্রেলিয়ার সিডনির সেন্ট ভিনসেন্টস প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা।
১৯৭০-এর দশকে অভিনয়জীবন শুরু করা স্যাম নিল দীর্ঘ ক্যারিয়ারে ‘জুরাসিক পার্ক’ ছাড়াও ‘পিকি ব্লাইন্ডার্স’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ এবং ‘দ্য পিয়ানো’র মতো জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন।

























