
সুমন মজুমদার, স্টাফ রিপোর্টার,
কয়েকদিনের টানা বর্ষণে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা, কাঞ্চন পৌরসভা, ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। অনেক এলাকার ঘরবাড়ি, সড়ক ও বিভিন্ন স্থাপনা পানির নিচে তলিয়ে গেছে। দেখা দিয়েছে নিরাপদ খাবার পানির সংকটও।
টানা বর্ষণের ফলে তলিয়ে যাওয়া গোলাকান্দাইল এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের সেচ প্রকল্পের পানি নিষ্কাশনে কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য ভারী বর্ষণেই গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। চলমান টানা বৃষ্টিতে এই এলাকার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেক পরিবার বাড়ি থেকে বের হতে পারছেন না। শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও কর্মস্থলে যাতায়াত ব্যাহত হচ্ছে।
পানিবন্দি মানুষ জানান, ঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না, দৈনন্দিন কাজকর্ম ও শিশু-বয়স্কদের নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। অনেক নলকূপ পানির নিচে তলিয়ে যাওয়ায় নিরাপদ খাবার পানির সংকট দেখা দিয়েছে। জলাবদ্ধতার কারণে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
এ বিষয়ে গোলাকান্দাইল ইউনিয়নের চেয়ারম্যান নাসির মিয়া জানান তার এলাকার ১, ৪, ৫, ৬ ও ৭ নাম্বার ওয়ার্ডের ছয় হাজারের অধিক স্থায়ী পরিবার পানিবন্দি। এছাড়াও এই এলাকায় বিভিন্ন এলাকা থেকে আসা ভাসমান পরিবার মিলে প্রায় লক্ষাধিক মানুষ বসবাস করছে বলে দাবি করা হচ্ছে। এ বিষয়ে অসহায় পরিবারের দুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের দাবি জানিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার হাত বাড়াবে। #####

























