
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দয়া করে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।’
ভিডিও বার্তাটি রাজধানীর সাবেক গণভবন, বর্তমানে জুলাই ৩৬ জাদুঘরের সামনে থেকে দেন সোহেল তাজ। এ সময় তিনি জাদুঘরটি দেখতে আসা বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি তুলে ধরেন।
সোহেল তাজ বলেন, গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্বজনসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জাদুঘরটি দেখতে আসছেন। তার দাবি, গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন ঘটনা ও নির্দেশনার সঙ্গে গণভবনের ভূমিকা মানুষ সেখানে এসে প্রত্যক্ষ করছে।
শেখ হাসিনা দলবল নিয়ে দেশে ফিরতে পারেন—এমন আলোচনার প্রসঙ্গ টেনে সোহেল তাজ বলেন, তিনি দেশে ফিরে আসুন এবং বিচারের সম্মুখীন হন। তার ভাষায়, জনগণ তার জন্য অপেক্ষা করছে এবং তাকে নিজের বিরুদ্ধে হওয়া রায়ের মুখোমুখি হতে হবে।
জাদুঘরের সামনে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখিয়ে সোহেল তাজ বলেন, প্রতিদিনই সেখানে মানুষের ভিড় হচ্ছে। শুক্রবারও হাজার হাজার মানুষ জাদুঘরটি দেখতে এসেছেন।
ভিডিও বার্তার শেষ দিকে শেখ হাসিনার উদ্দেশে তিনি আবারও বলেন, ‘বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসেন।’

























