
আন্তর্জাতিক ডেস্ক,
ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় পবিত্র শহর মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আটকে ধ্বংস করার দাবি করেছে সৌদি-ইয়েমেনি সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।
বার্তায় তিনি বলেন, মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে জোটের প্রতিরক্ষা বাহিনী। তবে ক্ষেপণাস্ত্রটির উৎস, লক্ষ্যবস্তু কিংবা এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এর আগে গত মাসে মক্কা লক্ষ্য করে ইয়েমেনের হুথি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বলে অভিযোগ ওঠে। সেটিও লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছিল বলে জানানো হয়।
ওই সময় মদিনার একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করেও ড্রোন হামলা চালানোর অভিযোগ ওঠে। কেন্দ্রটি থেকে মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।


























