
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি,
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে খাগড়াছড়ির দীঘিনালায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। উপজেলার নয়টি পূজামণ্ডপের নিরাপত্তায় তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
পূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে উপজেলার নয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে বিজিবির সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন।
বিজিবি সূত্রে জানা গেছে, দুর্গাপূজা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি ও পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবেন বিজিবি সদস্যরা।
লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ বলেন, দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) সর্বদা প্রস্তুত রয়েছে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে দীঘিনালায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে বিজিবির এ নিরাপত্তা কার্যক্রম পূজা শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

























