
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর সবুজবাগ সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভর্তির ক্ষেত্রে কোনো সুপারিশের কাছে মেধার সঙ্গে আপস করা হবে না। যারা মেধার পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারাই ভর্তির সুযোগ পাবে।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষিত ও মানবিক জনশক্তিই রাষ্ট্রের উন্নয়নের চালিকাশক্তি। তাই শিক্ষা শুধু সনদ অর্জন নয়, বরং যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার মাধ্যম। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সততা ও শৃঙ্খলার পাশাপাশি মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
কলেজের উন্নয়নে আগামী দুই মাসের মধ্যে ডিজিটাল বোর্ড স্থাপন এবং বর্তমান সরকারের মেয়াদে একটি মাইক্রোবাস দেওয়ার আশ্বাস দেন হাবিবুর রশিদ। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন এবং অনার্স-মাস্টার্স চালুর বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানের ব্যয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, নবীনবরণে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। কলেজের ওপর আর্থিক চাপ না ফেলতে ওই অর্থ প্রতিষ্ঠানকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি।
কলেজের অধ্যক্ষ নূর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


























