
স্পোর্টস ডেস্ক,
ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে বেছে নিয়েছেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড পেদ্রো রদ্রিগেজ। আর নিজের ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রভাব ফেলা কোচ হিসেবে পেপ গার্দিওলার নাম জানিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পছন্দের কথা জানান ৩৯ বছর বয়সী পেদ্রো। তাঁর মতে, ক্যারিয়ারে যাঁদের সঙ্গে খেলেছেন, তাঁদের মধ্যে সার্জিও বুসকেটস অন্যতম সেরা। আর প্রতিপক্ষ হিসেবে সবচেয়ে কঠিন ডিফেন্ডার ছিলেন সার্জিও রামোস।
নিজের ক্যারিয়ারের সেরা গোল হিসেবে ২০১১ সালে ওয়েম্বলিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে করা গোলটিকে বেছে নিয়েছেন পেদ্রো। তবে ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেছেন ২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জয়কে।
২০০৮ সালে বার্সেলোনার মূল দলে সুযোগ পান পেদ্রো। গার্দিওলার অধীনে দ্রুত নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। কাতালান ক্লাবটির হয়ে জেতেন ২০টি বড় শিরোপা।
দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে ক্লাব পর্যায়ে ৭৯৪ ম্যাচে ১৯৭ গোল করেছেন পেদ্রো। স্পেন জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে তাঁর গোল ১৭টি।


























