
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি,
বিভিন্ন দরবারের পীর-মাশায়েখ ও তরিকতপন্থীদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ব এবং সুদৃঢ় ঐক্য গড়ে তোলার প্রত্যয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বাদ মাগরিব নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় এ সভার আয়োজন করে সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাহসুফী ওমর ফারুক নূরী।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহসুফী আবদুস সাত্তার মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে আধ্যাত্মিক শান্তি, নৈতিকতার বিকাশ এবং ইসলামের মূল মর্মবাণী তাসাউফের আলো ছড়িয়ে দিতে দরবারভিত্তিক ভেদাভেদ ভুলে সব তরিকতপন্থীকে একটি অভিন্ন মঞ্চে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় বিভিন্ন জায়গায় আইন বহির্ভূত ভাবে মাজার ভাংগা ও তরিকত পন্থী লোকদের উপর এজিদী পন্থী মুসলিম নামের অপব্যাবহার করে নানা রাষ্ট্রীয় আইন বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন বক্তারা।
সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন—
মো. শামসুল আলম চিশতী, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বিটিপি
শাহসুফী আলী আকবর চিশতী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বিটিপি
আফসার উদ্দিন ভূঁইয়া, সভাপতি, রূপগঞ্জ থানা শাখা, বিটিপি
শাহসুফী সহিদুল ইসলাম
বিশিষ্ট সাংবাদিক আবু কাউসার মিঠু।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন দরবার শরিফের পীর-মাশায়েখ, খলিফা এবং অসংখ্য ভক্ত-আশেকানবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বর্তমান সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটে তরিকতপন্থীদের একতাবদ্ধ অবস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করতে নারায়ণগঞ্জ জেলা কমিটিকে একটি শক্তিশালী ও সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামোর ওপর দাঁড় করানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।

























