
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রদল নেতা সাইফুল ইসলামের গুমের ৬ষ্ঠ বার্ষিকীতে তাঁর সন্ধান ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার গৌরীপুর বাসস্টেশনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে গুম, খুন, অপহরণ, মামলা ও নির্যাতনের মতো ঘটনা ঘটেছে। সাইফুল ইসলামের দ্রুত সন্ধান এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ড. মারুফ আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে রাজনৈতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগও করেন।
সাইফুলের পরিবার আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মানবাধিকারকর্মী এবং সাইফুলের স্বজনরা এতে উপস্থিত ছিলেন।


























