
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে চলমান দ্বাদশ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরামে বাংলাদেশ ও রাশিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশের পক্ষে এতে স্বাক্ষর করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সমঝোতার আওতায় সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব ও সৃজনশীল সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ইউ টিন ও লুইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নিতাই রায় চৌধুরী। এ সময় দুই দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আলোচনা হয়।
ফোরামের দ্বিতীয় দিনে ‘ফোক আর্টিসান ক্রাফটওয়ার্ক রিবুটেড’ অধিবেশনে বাংলাদেশের লোকশিল্প ও ঐতিহ্যবাহী কারুশিল্প নিয়ে বক্তব্য দেবেন সংস্কৃতিমন্ত্রী। ২২ সেপ্টেম্বর তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে রাশিয়া সফরে যান তিনি।


























