
পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,
নেত্রকোণার দুর্গাপুরে স্থানীয় জনসাধারণ ও আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর থানার আয়োজনে বুধবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণার সহকারী পরিচালক জনাব মো. নাজমুল হক।
সভাপতিত্ব করেন দুর্গাপুর থানার জনাব খন্দকার শাকের আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, এস. বি. রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার, সাংবাদিক আলিফ ফকির এবং আদিবাসী প্রতিনিধি ও রুসা বাংলাদেশের পরিচালক এন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ সমাজ, অভিভাবক, স্থানীয় জনগণ ও আদিবাসী জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।


























