
শওকত আলম, কক্সবাজার,
সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের বিভেদ, গ্রুপিং ও বৈষম্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. আলমগীর গণি।
তিনি বলেন, শুধু পরিচয়পত্র ঝুলিয়ে সাংবাদিকতার পরিচয় দেওয়া যথেষ্ট নয়। অনুসন্ধানী সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য প্রকাশের মধ্য দিয়েই একজন সাংবাদিকের প্রকৃত পরিচয় প্রতিষ্ঠিত হয়। সমাজের অনিয়ম, দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সাহসের সঙ্গে কলম ধরতে হবে। সাংবাদিকতার মূল লক্ষ্য হতে হবে দেশ ও জাতির কল্যাণ।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে কক্সবাজার জেলা পরিষদ হলরুমে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা শাখার সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ওসমান গণি (ইলি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আলমগীর গণি, প্রধান আলোচক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মনজুর হোসেন এবং কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা কমিটির নেতারা। পরে অতিথি ও জেলা কমিটির নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও পরিচয়পত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আতিকুর রহমান আজাদ, প্রচার ও প্রকাশনা সচিব মো. জাফর উল্লাহ এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. নুরুল কবির।
প্রধান অতিথি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বিভেদ, গ্রুপিং ও বৈষম্য দূর করতে হবে। একজন সাংবাদিক বিপদে পড়লে অন্য সাংবাদিকদের তাঁর পাশে দাঁড়াতে হবে। পেশাগত স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও সংহতির পরিবেশ গড়ে তুলতে হবে। সাংবাদিকদের ন্যায্য সম্মানী, পেশাগত নিরাপত্তা, আইনি সহায়তা এবং মানসম্মত প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার একটি সম্মিলিত প্ল্যাটফর্ম। এ সংগঠনকে আরও শক্তিশালী করতে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তুলতে হবে।
এ সময় বক্তব্য রাখেন জেলা শাখার সহসাধারণ সম্পাদক কফিল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হিরু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শওকত আলম, ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি সেলিম, চকরিয়া উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন টিপু, রামু উপজেলা শাখার সভাপতি কায়েদ আলম কায়সার, উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দু সাত্তার এবং টেকনাফ উপজেলা শাখার সাবেক সভাপতি নুরুল হোসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি মুহম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে কাজ করে আসছে।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিক, সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

























