
তৌফিক আলম চৌধুরী,
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগরীর লালদীঘি ময়দানে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। প্রদর্শনীতে পিকেএসএফ-এর অর্থায়নে পরিচালিত বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মমতা’র এগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিটের প্রাণিসম্পদ খাত সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, চট্টগ্রামের পরিচালক ডা. মো. আতিয়ার রহমান। প্রদর্শনী চলাকালে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মমতার স্টলসমূহ পরিদর্শন করেন। এ সময় একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক ও মমতার প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ উপস্থিত থেকে অতিথিদের সংস্থার বিভিন্ন কার্যক্রম, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উৎপাদিত পণ্য সম্পর্কে অবহিত করেন।
স্টলের বিশেষ আকর্ষণ ও কার্যক্রম:
দিনব্যাপী এ মেলায় মমতার স্টলে মাঠপর্যায়ে সম্প্রসারিত আধুনিক খামার ব্যবস্থাপনা ও প্রযুক্তি প্রদর্শন করা হয়। দর্শনার্থীদের জন্য স্টলে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ‘মমতা ডেইরি ফার্ম অ্যান্ড এগ্রো’র খাঁটি দুধ, ঘি, সন্দেশ ও প্যারা সন্দেশসহ নানা দুগ্ধজাত পণ্য। পাশাপাশি মমতার প্রাণিসম্পদ ইউনিটের উৎপাদিত মুরগির ডিম ও পরিবেশবান্ধব ট্রাইকোকম্পোস্ট সার বিশেষ মূল্যছাড়ে বিক্রয় করা হয়। আগত দর্শনার্থী ও খামারিরা এসব পণ্যের পুষ্টিগুণ ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ব্যাপক আগ্রহ প্রকাশ করেন।
উদ্দেশ্য ও বক্তাদের অভিমত:
প্রদর্শনীতে অংশগ্রহণের মূল লক্ষ্য ছিল প্রান্তিক খামারিদের দক্ষতা উন্নয়ন, উৎপাদন ব্যয় হ্রাস, নিরাপদ প্রাণিজ খাদ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং খামারিদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ করা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অপরিসীম। এ খাতকে বাণিজ্যিক ও রপ্তানিমুখী করতে বিজ্ঞানভিত্তিক প্রযুক্তির প্রয়োগ, উদ্যোক্তা তৈরি এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জোরদার করতে হবে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় খামারি, উদ্যোক্তা এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

























