
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
চলতি বছর তিন দফায় বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। বছরের শুরুতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা। সর্বশেষ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) লিটারে আরও ৩ টাকা বাড়ানো হয়েছে। এতে তিন দফায় প্রতি লিটারে দাম বেড়েছে ১২ টাকা। বর্তমানে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫ টাকা। আগে এর দাম ছিল ৯৭৫ টাকা।
দাম বৃদ্ধির হিসাব অনুযায়ী, গত ২৯ এপ্রিল প্রথম দফায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়। দ্বিতীয় দফায় ২ সেপ্টেম্বর ৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ২০৪ টাকা। সর্বশেষ ২৬ নভেম্বর আরও ৩ টাকা বাড়িয়ে প্রতি লিটারের দাম ২০৭ টাকা করা হয়েছে।
অর্থাৎ, চলতি ১১ মাসে তিন দফায় বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ৬ দশমিক ১৫ শতাংশ। এতে বাড়তি দামের চাপ পড়েছে সাধারণ ভোক্তাদের ওপর।
নতুন সিদ্ধান্তে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দামও ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশে ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সার্বিক পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদন উপস্থাপন করে। প্রতিবেদন ও বৈশ্বিক এবং অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত হয়।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, গত ২ সেপ্টেম্বরের পর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে মূল্য সমন্বয় হয়নি। ফলে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে।
আসন্ন রমজান সামনে রেখে পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর এবং বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানায় সংগঠনটি।
এদিকে, বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট, অবৈধ মজুত ও সরকার নির্ধারিত দামের বেশি দামে তেল বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

























