
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি স্টিল মিলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দা ও পোশাক কারখানার শ্রমিকরা। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে শিল্পাঞ্চলের আশপাশের এলাকা। কোনো কোনো পোশাক কারখানায় বেজে ওঠে অটোমেটিক ফায়ার অ্যালার্ম। এতে শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে আরবি স্টিল ও হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেডকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের অভিযোগ, স্টিল মিল দুটি থেকে নির্গত কালো ধোঁয়ায় প্রতিনিয়ত দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। ধোঁয়া ছড়িয়ে পড়লে চারপাশ অন্ধকার হয়ে যায়। এতে পোশাক কারখানার স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিশেষ করে ধোঁয়ার কারণে কোনো কোনো কারখানায় অটোমেটিক ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় আগুন লাগার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েন শ্রমিকরা।
এওয়ান পোলারের ডিজিএম শহিদুল ইসলামসহ স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা জানান, মিল দুটির কালো ধোঁয়ার কারণে তারা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কার্যকর প্রতিকার পাননি বলে দাবি তাদের। তারা পরিবেশ দূষণ বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আরবি স্টিল ও হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেডে অভিযান চালায় রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান। অভিযানে পরিবেশ দূষণের অভিযোগে প্রতিষ্ঠান দুটিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিমা আক্তার, অফিস সহকারী মো. রাকিবুল ইসলাম এবং রূপগঞ্জ থানার এএসআই আমির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এ অভিযানের পর স্থানীয়রা আশা করছেন, শিল্পকারখানাগুলোর দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, শুধু জরিমানা করেই দায়িত্ব শেষ করলে চলবে না। শিল্পকারখানাগুলো যাতে পরিবেশগত বিধিমালা মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে, তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি করতে হবে। একই সঙ্গে আশপাশের বাসিন্দা ও পোশাক কারখানার শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান বলেন, পরিবেশ দূষণের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে অন্যান্য স্টিল মিলে যারা পরিবেশ দূষণ করছেন তাদের জন্য এটা একটা সতর্কবাণী।

























