
এস এম রনি, স্টাফ রিপোর্টাট,
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় কথিত মাদক সম্রাট আব্দুল্লাহ ও প্রধান আসামি মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পাঁচ আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত ২২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহে যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এএসআই সাত্তার পালিয়ে প্রাণে বাঁচলেও কনস্টেবল আনোয়ারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ও ফতুল্লা থানা পুলিশ অভিযান শুরু করে। অভিযানে মুন্সীগঞ্জ থেকে মামলার অন্যতম আসামি আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিম পট্টি এলাকা থেকে আব্দুস সামাদ ও মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
পরে তাসলিম পট্টির একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে প্রধান আসামি মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডকে গ্রেপ্তারের চেষ্টা করে পুলিশ। এ সময় ডেভিড পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে তার ডান পায়ে গুলি লাগে। ককটেলের আঘাতে পুলিশের চার সদস্য সামান্য আহত হন। পরে আহত ডেভিডকে উদ্ধার করে খানপুর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এসআরবি-১১-এর পৃথক অভিযানে জাবেদ কায়সার আজাদ ও আদরকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির সরঞ্জাম, একটি মোটরসাইকেল ও আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার অন্য আসামিরা হলেন—আব্দুস সামাদ (২৩), মাহমুদুল হাসান (২২), জাবেদ কায়সার আজাদ (৪০) ও আদর (২২)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে পাঁচজনকে আদালতে হাজির করা হলে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

























