
নুর মোহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ওয়ান শুটারগান, গুলি ও গুলির খোসাসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটের দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রইক্ষ্যং এলাকায় ২২ নম্বর উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে ডব্লিউএফপিএ (WFPA) অফিসের কাঁটাতারের বেড়া সংলগ্ন ইটের সলিং রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোসাসহ তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজরপাড়া এলাকার আব্দুল জলিল ও ছালেহা বেগমের ছেলে হাবিবুর রহমান (৩৭) ও রহমত উল্লাহ (২৩) এবং একই এলাকার মো. ইউসুফ ও মনোয়ারা বেগমের ছেলে মো. রমিজ (১৮)।
এসআরবি-১৫ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
২৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক।

























