
স্পোর্টস ডেস্ক,
ফুটবল মাঠে লাল কার্ড দেখে ড্রেসিংরুমে চলে গিয়েছিলেন এক খেলোয়াড়। কিন্তু কয়েক মিনিট পর ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয়ভীতি দেখাতে শুরু করেন তিনি। ইতালির সিসিলিতে একটি অপেশাদার ফুটবল ম্যাচে ঘটেছে এ ঘটনা।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি। নিরাপত্তার স্বার্থে পুলিশও ডাকতে হয় আয়োজকদের। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ আহত হননি।
ঘটনাটি ইতালির তৃতীয় ডিভিশনের গ্যালাকটিক পাওলিনি ও অ্যাথলেটিক পারতান্নার মধ্যকার ম্যাচে। খেলা চলাকালে গ্যালাকটিকের ১০ নম্বর জার্সিধারী ডেল পাওলিনি প্রতিপক্ষের ডাগআউটের সামনে অশালীন অঙ্গভঙ্গি করলে প্রথমে হলুদ কার্ড দেখেন। কিছুক্ষণ পর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে লাথি মারলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এ ঘটনায় রেফারি ভিনসেঞ্জো পার্নিস তাকে লাল কার্ড দেখান। খেলোয়াড়কে রক্ষা করতে গিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়ান গ্যালাকটিকের কোচ কালান্দ্রাও। একপর্যায়ে তাকেও লাল কার্ড দেখানো হয়।
তবে ঘটনার ভয়াবহতা তখনো বাকি ছিল। লাল কার্ড দেখে ড্রেসিংরুমে ফিরে যাওয়া পাওলিনি কয়েক মিনিট পর ছুরি হাতে আবার মাঠে প্রবেশ করেন। এরপর প্রতিপক্ষ পারতান্নার ডাগআউটের দিকে এগিয়ে গিয়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয়ভীতি দেখাতে থাকেন। একপর্যায়ে দলের এক কর্মকর্তার গলায় ছুরি ধরে হুমকি দেন তিনি।
এমন পরিস্থিতিতে ম্যাচ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে খেলা বন্ধের সিদ্ধান্ত নেন রেফারি। পরে পুলিশের সহায়তা নেওয়া হয়।
ঘটনার পর ইতালির ফুটবল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে অ্যাথলেটিক পারতান্না। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ক্লাবটি।

























