
চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় নাশকতা, অগ্নিসংযোগ ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ মহিউদ্দীন এবং তার অন্যতম সহযোগী মো. লিটন প্রকাশ ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তারা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র ও অগ্নিসংযোগের সরঞ্জাম নিয়ে গোপন বৈঠক এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশুও রয়েছে। তারা হলেন— আদনান আহমেদ শামীম (২০), হামিদুল ইসলাম (১৭), মো. আরিফ (৩৬), রবিন (১৯) ও মো. হৃদয় হোসেন (২০)। এ সময় ঘটনাস্থল থেকে নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা ১১টি বাঁশের তৈরি মশাল এবং ১৫টির বেশি বাঁশ ও কাঠের লাঠি জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলার এজাহারভুক্ত ৫১ জন আসামি এখনো পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে নেপথ্যে থেকে অর্থের জোগান ও সরঞ্জাম সরবরাহের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
এজাহারে উল্লেখ করা পলাতক আসামিদের মধ্যে রয়েছেন নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ মহিউদ্দীন, তার সহযোগী হিসেবে পরিচিত মুক্তিযোদ্ধা কলোনি এলাকার ৩০৬ দাগের মো. লিটন প্রকাশ ‘সোর্স লিটন’, নাশকতায় অর্থায়নের অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা দিদার আলম চৌধুরী প্রকাশ ‘লেন্ড দিদার’, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সি ইউনিটের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রকাশ ‘কানা নাজিম’, ওয়ার্ড সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক হুমায়ন।
এ ছাড়াও মোস্তফিজুর রহমান লিটন প্রকাশ ‘ভিপি লিটন’, যুবলীগ নেতা গোলাম রসুল সাদ্দাম, সাবেক নগর ছাত্রলীগের পাঠাগার সম্পাদক সেলিম উদ্দিন জয়, আশিকুর রহমান খোকন প্রকাশ ‘বোমা খোকন’ এবং আবদুল কুদ্দুস বাপ্পি প্রকাশ ‘কানা কুদ্দুস’সহ আরও কয়েকজনের নাম এজাহারে উল্লেখ রয়েছে।
এদিকে, মামলার এজাহারভুক্ত শীর্ষ আসামিদের নাম চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) থেকে বাদ দিতে মোটা অঙ্কের অর্থ লেনদেন ও তদবিরের অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, আসামিপক্ষের লোকজন প্রভাবশালী মহলকে ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত লিটনসহ কয়েকজনকে আইনি প্রক্রিয়া থেকে রেহাই দিতে স্থানীয় সরকার দলীয় কয়েকজন প্রভাবশালী নেতাও নেপথ্যে থেকে তদবির ও মধ্যস্থতা করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে এলাকায় সাধারণ মানুষ ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয়দের।
এ বিষয়ে বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল আল-হারুনের কাছে জানতে চাইলে তিনি বলেন,“আপনারা যেভাবে শুনছেন , এলাকায় আমিও লোকমুখে শুনেছি।”তবে থানা কমিটি বিলুপ্ত,ওয়ার্ড কমিটির কার্যক্রম চলছে।
অন্যদিকে, বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। নাশকতার প্রস্তুতির খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “আমি একটু ব্যস্ত আছি, পরে আপনাকে বিস্তারিত জানাব।”
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

























