
নুর মোহাম্মদ, কক্সবাজার,
চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মো. ফারুক প্রকাশ মানিককে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এসআরবি-১৫, কক্সবাজারের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে এসআরবি-১৫-এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি আভিযানিক দল চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন সোনাকানিয়া ইউনিয়নের সালামের দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সাতকানিয়া থানায় দায়ের করা একটি চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তে প্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি মো. ফারুক প্রকাশ মানিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফারুক মানিক সাতকানিয়া উপজেলার দক্ষিণ রূপকানিয়া এলাকার (আল আমিন পাড়া, ৯ নম্বর ওয়ার্ড, ১৬ নম্বর সাতকানিয়া সদর ইউনিয়ন) মৃত নবীর হোসেন ও সালেহা বেগমের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার কথা জানিয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে চট্টগ্রামের সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

























