
আন্তর্জাতিক ডেস্ক,
মানুষের বুদ্ধিমত্তাকেও বহু পেছনে ফেলে দিতে পারে এমন কৃত্রিম সুপারইন্টেলিজেন্স বা অতিমানবীয় এআই এখন দোরগোড়ায় বলে সতর্ক করেছেন মেটার প্রধান এআই কর্মকর্তা আলেকজান্ডার ওয়াং। তার আশঙ্কা, এআইয়ের ওপর মানুষের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে। আগামী এক বছরে মানুষের নেওয়া পদক্ষেপ ভবিষ্যৎ পৃথিবীতে বড় প্রভাব ফেলতে পারে।
রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
অ্যানথ্রোপিকের এক কর্মী এআই টুল ক্লডের সহায়তায় গণিতের জটিল সমস্যা ‘রিম্যান হাইপোথিসিস’ সমাধানের দাবি করার পরই ওয়াং এ মন্তব্য করেন। তার মতে, এ ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে নতুন এআই মডেলগুলো নিজেদের উন্নত করার ক্ষেত্রে অতিমানবীয় সক্ষমতা অর্জন করতে পারে। একই সঙ্গে জীববিজ্ঞান, সমরাস্ত্র ও অর্থনীতির গবেষণায় অভাবনীয় গতি আনতে পারে।
স্কেল এআইয়ের সহপ্রতিষ্ঠাতা ওয়াং সতর্ক করে বলেন, কোনো এআই যদি নিজে থেকেই ক্রমাগত শক্তিশালী হতে থাকে কিংবা সব ক্ষেত্রে মানুষের চেয়ে এক হাজার গুণ বেশি বুদ্ধিমান হয়ে ওঠে, তাহলে তাকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে।
তিনি বলেন, ওপেনএআই ও অ্যানথ্রোপিকের প্রধানেরা এআই নিরাপত্তার স্বার্থে উন্নয়নের গতি কমানোর কথা বলছেন। অন্যদিকে মেটার প্রধান মার্ক জাকারবার্গ এ বিষয়ে তুলনামূলক আশাবাদী অবস্থানে রয়েছেন।
তবে ওয়াংয়ের মতে, এআইয়ের হাতে সমাজের নিয়ন্ত্রণ তুলে না দিয়ে মানুষের সক্ষমতা বাড়ায়—এমন প্রযুক্তি তৈরি করতে হবে। এ লক্ষ্য অর্জনে পুরো এআই খাতকে প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে ভিন্ন পথে এগোতে হবে।

























