
শওকত আলম, ককসবাজার,
কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা বাজারে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দক্ষিণ খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজারের পান বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত টহল ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারির অবস্থানের তথ্য পায় আভিযানিক দল। পরে তাৎক্ষণিকভাবে সড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। এ সময় ২০ হাজার পিস ইয়াবা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার আমিনুল হক (২৬), পশ্চিম মরিচ্যা এলাকার এহসানুল করিম (২৬) এবং পাতাবাড়ী এলাকার রশিদ আহমদ (৩৪)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে অবৈধ পথে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে পরিবহন ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এসআরবি-১৫ জানায়, গ্রেফতার ব্যক্তিদের পাশাপাশি উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামত বিধি অনুযায়ী জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি-১৫।

























