
আরিফ আহমেদ,
আদালতের প্রবেশপথ থেকে নগর ভবনের চারপাশে আবারও পসরা সাজিয়ে বসে পড়েছেন নগরীর হকারদের বড় একটি অংশ। সড়কের পাশে কাপড়, পোশাকসহ বিভিন্ন পণ্য নিয়ে চলছে বেচাকেনা। ফুটপাত ও সড়কের একাংশে হকারদের এমন অবস্থানে নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের ঘোষণা ও নানা প্রতিশ্রুতির পরও কেন আবার সড়কে ফিরতে হচ্ছে হকারদের? এ প্রশ্ন এখন নগরবাসীর।
২৩ নভেম্বর সোমবার দুপুরে নগরীর আদালত এলাকার প্রবেশপথ ও নগর ভবনসংলগ্ন সড়কে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে পণ্য সাজিয়ে বসেছেন হকাররা। কেউ ছাতা টাঙিয়ে কাপড় বিক্রি করছেন, কেউ সড়কের পাশে পণ্য বিছিয়ে ক্রেতার অপেক্ষায়। কোথাও আবার পণ্য কেনাবেচার জন্য সড়কের ওপরই তৈরি হয়েছে অস্থায়ী বাজারের মতো পরিবেশ। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল এবং যানবাহনের নির্বিঘ্ন যাতায়াত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন দায়িত্ব নেওয়ার পর নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে একাধিক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বেলস পার্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা থেকে হকারদের সরিয়ে দেওয়া হয়। তবে উচ্ছেদের পর বিকল্প ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত হকারদের মধ্যে পুনর্বাসনের দাবি জোরালো হয়ে ওঠে। গত ২ জুন বেলস পার্ক এলাকা থেকে উচ্ছেদ হওয়া হকাররা পুনর্বাসনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। তাদের অভিযোগ ছিল, জীবিকার ব্যবস্থা না করেই দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
পরবর্তী সময়ে হকারদের পুনর্বাসনের উদ্যোগের কথা জানায় সিটি করপোরেশন। জুলাই মাসে নগরীর দুটি স্থানে মোট ১৪০টি অস্থায়ী দোকান উদ্বোধনের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম শুরু হয়। কেডিসি সড়কে কয়েকজনকে পুনর্বাসনও করা হয়। পুনর্বাসন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলে তা পুনরায় বন্ধ হয়ে যায়। অন্যদিকে নগর ভবনের পিছনে ৮৮টি দোকান আজ পর্যন্ত কাউকে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। সেখানে এখন মোটরসাইকেল রাখা হয়। যে কারণে জীবীকার তাগিদে পুনরায় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতের বিভিন্ন স্থানে ফিরে আসার দাবী হকারদের। তারা বলেন, প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন আমাদের কথা দিলেও তার সাথের একদল এলাকার নেতা তাদের পছন্দের লোক বসিয়ে এই সমস্যা তৈরি করেছে। পাশাপাশি নগর ভবনের পিছনের দোকানগুলো ব্যবহার উপযোগী নয় বলে দাবী করেন ভাসমান হকাররা।
ফলে প্রশ্ন উঠেছে, পুনর্বাসনের আওতায় কতজন হকার এসেছেন, কতজন এখনো বাইরে রয়েছেন এবং বরাদ্দ করা দোকানগুলো বাস্তবে কতটা কার্যকর হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর আজকের পরিবর্তনে প্রকাশিত এক প্রতিবেদনে হকারদের কার্যকর ও সম্মানজনক পুনর্বাসনের বিষয়টি নগরবাসীর প্রত্যাশা হিসেবে তুলে ধরা হয়েছিল। প্রশাসকের মাঠপর্যায়ের তৎপরতার পাশাপাশি হকার পুনর্বাসন ও বাস টার্মিনাল স্থানান্তরের মতো প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চেয়েছিলেন নগরবাসী।
নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে এসব স্থানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করা ক্ষুদ্র ব্যবসায়ীদের বিষয়টিও উপেক্ষা করার সুযোগ নেই। পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া বারবার উচ্ছেদ করলে একদিকে হকারদের জীবিকা সংকটে পড়ে, অন্যদিকে কিছুদিন পর একই স্থানে আবারও দখল ফিরে আসার আশঙ্কা তৈরি হয়।
নগর ভবনের আশপাশে হকারদের এমন প্রত্যাবর্তন তাই কেবল সড়ক দখলের চিত্র নয়; এটি পুনর্বাসন কার্যক্রমের বাস্তব অগ্রগতি ও ব্যবস্থাপনার কার্যকারিতা যাচাইয়েরও বিষয়।
নগর চিন্তাবিদ কাজী মিজানুর রহমান বলেন, হকারদের জন্য নির্ধারিত স্থানগুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধা, ন্যায্য বরাদ্দ এবং ব্যবসা পরিচালনার পরিবেশ নিশ্চিত করা গেলে সড়কে ফিরে আসার প্রবণতা কমতে পারে।
তাই নগরবাসীর প্রত্যাশা, বিসিসি প্রশাসন শুধু উচ্ছেদ অভিযানেই সীমাবদ্ধ না থেকে পুনর্বাসনের প্রকৃত চিত্র প্রকাশ করবে। কতজন হকার পুনর্বাসিত হয়েছেন, কারা বাদ পড়েছেন এবং কোথায় তাদের ব্যবসার সুযোগ দেওয়া হয়েছে, এসব বিষয়ে স্বচ্ছতা প্রয়োজন। একই সঙ্গে আদালতের প্রবেশপথ ও নগর ভবনসংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো পথচারী ও যানবাহনের চলাচলের উপযোগী রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

























