
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বুলডোজার দিয়ে বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে পিয়ার আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার পাম্প হাউজ সংলগ্ন ১ নম্বর ওয়ার্ডের সড়কে এ অবরোধ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হিরাঝিল আবাসিক এলাকার বাড়ি নং-২১৮-এর বাসিন্দা মো. জয়নাল আবেদীনের (৬০) বসতবাড়ি নিয়ে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে পিয়ার আলী বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে ফেলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার প্রতিবাদে প্রায় ৭০ থেকে ৮০ জন এলাকাবাসী সড়কে জড়ো হয়ে অবরোধ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচলসহ সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

























