
সাইফুল ইসলাম, বেগমগঞ্জ নোয়াখালী,
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ মো. পারভেজ হোসেন বিপ্লব (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই ছয়টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৩ নভেম্বর) রাত সোয়া ৮টা থেকে ৯টার মধ্যে বেগমগঞ্জ মডেল থানাধীন ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত মো. পারভেজ হোসেন বিপ্লব ওই গ্রামের মো. আবু ছায়েদ ও বিবি খোদেজার ছেলে। অভিযানে তার নিজ দখলীয় বসতঘর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপ্লবকে ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ২৬(১) ধারায় ডিএনসি নোয়াখালীর পরিদর্শক বাপন সেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত হবে জানান তিনি।

























