
আন্তর্জাতিক ডেস্ক,
নয় মাস ধরে চলা ইরান যুদ্ধের অবসান ঘটাতে দেশটির শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ইরানের কট্টরপন্থি নেতৃত্বকে সরিয়ে যুদ্ধ বন্ধের পথ তৈরি করতে সামরিক অভিযান চালানো যায় কি না, তা নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে আলোচনা চলছে। তবে এ পরিকল্পনা নিয়ে মার্কিন প্রশাসন ও সামরিক কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আনাদোলু এজেন্সিও প্রতিবেদনটি প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত আরেক ব্যক্তির বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে অভিযান চালানোর পক্ষে প্রশাসনের একাংশ। তাদের যুক্তি, এ ধরনের অভিযানের মাধ্যমে ওয়াশিংটন প্রমাণ করতে পারবে, যেকোনো সময় ইরানি নেতাদের অবস্থান শনাক্ত করে তাদের হত্যা করার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের।
তাদের ধারণা, এতে ইরানের নেতৃত্বের ওপর চাপ বাড়বে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য যুদ্ধ শেষ করার একটি সুযোগ তৈরি হবে।
তবে প্রশাসন ও সামরিক বাহিনীর অন্য কর্মকর্তারা এ পরিকল্পনার বিরোধিতা করছেন। তাদের আশঙ্কা, ইরানের শীর্ষ নেতাদের হত্যা করা হলে দেশটির অবশিষ্ট নেতারা আরও কঠোর অবস্থান নিতে পারেন। এতে ভবিষ্যতে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি মার্কিন সেনা ও কর্মকর্তাদের ওপর ইরানের পালটা হামলার ঝুঁকিও বাড়তে পারে।
এদিকে, ইরানের হুমকির কারণে সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। মন্ত্রিসভার আরও কয়েকজন কর্মকর্তাও একই ধরনের নিরাপত্তাব্যবস্থার আওতায় রয়েছেন।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এখনো বিভিন্ন ধরনের সামরিক পদক্ষেপ বিবেচনা করছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। গত সপ্তাহে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নতুন বছর পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এদিকে পেন্টাগন তার সামনে সামরিক অভিযানের বিকল্পগুলো আরও বিস্তৃত করছে।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরিকল্পনার মধ্যে রয়েছে বড় পরিসরে আবারও যুদ্ধ শুরু করা। পাশাপাশি ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি ও পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে খারগ দ্বীপের তেল স্থাপনা, কেশম দ্বীপের জ্বালানি অবকাঠামো এবং পিক্যাক্স মাউন্টেনের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র।
ইরানের জ্বালানি রপ্তানির ক্ষেত্রে খারগ দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, কেশম দ্বীপের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হলে দেশটির অর্থনীতি এবং কৌশলগত সক্ষমতার ওপর বড় প্রভাব পড়তে পারে।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়েও রহস্য তৈরি হয়েছে। তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তিনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, বাবার ওপর হামলায় মোজতবা আহত হয়েছিলেন। এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
এ বিষয়ে মন্তব্য জানতে পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছিল এনবিসি নিউজ। তবে তারা কোনো জবাব দেয়নি।

























