
রাশেদ আহমদ, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি,
মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের লালাপুর ও চেলারচক এলাকায় দুটি গ্রামীণ রাস্তার উন্নয়নকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। ২০২৫-২৬ অর্থবছরে কাবিটা/কাবিখা কর্মসূচির আওতায় রাস্তা দুটির মাটি ভরাট ও ইট সোলিংয়ের জন্য মোট ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে লালাপুর গ্রামের রাস্তার জন্য ২ লাখ এবং চেলারচক এলাকার রাস্তার জন্য ৩ লাখ টাকা বরাদ্দ রয়েছে। তবে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না হওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা চলছে।
সরেজমিনে দেখা যায়, লালাপুর গ্রামের রাস্তায় ২২২ ফুট ইট সোলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। তবে রাস্তার কিছু অংশের কাজ এখনো বাকি রয়েছে। অন্যদিকে চেলারচক এলাকার রাস্তার উন্নয়নকাজও পুরোপুরি শেষ হয়নি। সংশ্লিষ্ট ইউপি সদস্যের দাবি, বর্ষা মৌসুমে বন্যার পানি ও জলাবদ্ধতার কারণে নির্ধারিত সময়ে কাজ করা সম্ভব হয়নি।
চেলারচক এলাকার বাসিন্দা জুয়েল মিয়া বলেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। প্রায় তিন মাস আগে ইউপি সদস্য তাঁকে জানিয়েছিলেন, রাস্তাটির উন্নয়নে বরাদ্দ এসেছে। তবে পানি থাকায় তখন কাজ করা সম্ভব হয়নি। বর্তমানে রাস্তার কাজ শুরু হয়েছে। একটি কালভার্ট নির্মাণসহ অন্যান্য কাজও দ্রুতগতিতে এগোচ্ছে। পানি নেমে যাওয়ার পর কাজটি দ্রুত শেষ হবে বলে আশা করছেন তিনি। কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর চলাচলে অনেক সুবিধা হবে বলেও জানান তিনি।
লালাপুর গ্রামের বাসিন্দা আব্দুস শহীদ বলেন, রাস্তাটির কিছু অংশের কাজ এখনো বাকি রয়েছে। বৃষ্টির কারণে কাদাপানি থাকায় তখন কাজ করা সম্ভব হয়নি। তবে ইউপি সদস্য শিগগিরই বাকি কাজ সম্পন্ন করে দেবেন বলে তাঁরা জানতে পেরেছেন। কাজটি শেষ হলে এলাকার মানুষের চলাচলে অনেক উপকার হবে।
এ বিষয়ে উত্তরভাগ ইউনিয়ন পরিষদের সদস্য শেখ রকিব বলেন, বর্ষা ও অতিবৃষ্টির কারণে রাস্তা দুটির কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়কে আগেই জানানো হয়েছে। বর্তমানে পানি কমে যাওয়ায় দ্রুত বাকি কাজ সম্পন্ন করা হবে। কোনো অর্থ আত্মসাতের ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, এলাকার মানুষ যেন উন্নয়নকাজ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই তিনি কাজ করছেন। রাস্তা দুটির অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার আশ্বাসও দেন তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজু চন্দ্র পাল বলেন, রাস্তা দুটির কাজের বিষয়ে তাঁরা অবগত রয়েছেন। বর্ষা মৌসুমে পানি ও জলাবদ্ধতার কারণে কাজ করা সম্ভব হয়নি বলে ইউপি সদস্য তাঁদের আগেই জানিয়েছেন। লালাপুরের রাস্তায় ২২২ ফুট ইট সোলিংয়ের কাজ হয়েছে এবং আরও কিছু অংশের কাজ বাকি রয়েছে। পানি কমে যাওয়ায় বাকি কাজ দ্রুত সম্পন্ন করতে ইউপি সদস্যকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি শিগগিরই কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন। বিষয়টি তাঁরা তদারকি করছেন।

























