
নুর মুহাম্মদ, কক্সবাজার,
চট্টগ্রাম আদালতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. নুরুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. নুরুল আমিন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধেছুয়াপালং এলাকার মৃত ইব্রাহিম ও খোদেজা বেগমের ছেলে।
রামু থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে নগরীর বাকলিয়া থানার একটি মাদক মামলায় মো. নুরুল আমিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক। রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ১টার দিকে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
অভিযানের বিষয় নিশ্চিত করে রামু থানার ওসি এ কে ফজলুল হক।

























