
আন্তর্জাতিক ডেস্ক,
কৃষ্ণসাগরে বুলগেরিয়ার উপকূলে ড্রোন হামলায় একটি পণ্যবাহী জাহাজ ডুবে অন্তত ১১ নাবিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ ঘটনা ঘটে। এক সপ্তাহের মধ্যে একই এলাকায় ড্রোন হামলায় দ্বিতীয়বারের মতো জাহাজডুবির ঘটনা ঘটল। এ ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে বুলগেরিয়া।
বুলগেরিয়ার কর্মকর্তারা জানান, সোমবার রাতে দুটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়। এর মধ্যে ‘আজভ কনকর্ড’ নামের একটি জাহাজ দেশটির ক্রাপেতস গ্রামের উপকূলে ডুবে যায়। জাহাজটির পাঁচ নাবিককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১১ জন।
ঘটনার জন্য রাশিয়াকে সরাসরি দায়ী করেনি বুলগেরিয়া। তবে দেশটির প্রধানমন্ত্রী রুমেন রাদেভ বলেছেন, হামলার পরিণতি রাশিয়ার স্বার্থের অনুকূলে যাচ্ছে। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, বুলগেরিয়ার আঞ্চলিক জলসীমার কাছে এ ধরনের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
একই রাতে মাল্টার পতাকাবাহী ‘চেলসি থ্রি’ নামের আরেকটি জাহাজেও তিনটি ড্রোন আঘাত হানে। জাহাজটির ১৫ নাবিককে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে সাতজন ইউক্রেনের ও আটজন আজারবাইজানের নাগরিক। তাঁদের কেউ গুরুতর আহত হননি।
এর এক সপ্তাহ আগে বুলগেরিয়ার কৃষ্ণসাগরের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে ড্রোন হামলায় আরেকটি জাহাজ ডুবে যায়। ওই ঘটনায় নয়জন সিরীয় ও একজন মিসরীয় নাবিক নিখোঁজ হন। সেদিন অন্য একটি জাহাজেও হামলা হলেও সেটির সব নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছিল।


























