
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
বিশ্ববাজারে টানা তৃতীয় সেশনে কমেছে স্বর্ণের দাম। বুধবার (১৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকায় স্বর্ণের বাজারে দরপতন দেখা গেছে। ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের সম্ভাব্য দিকনির্দেশনা পেতে এসব তথ্যের দিকে নজর রাখছেন বাজারসংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময় বিকেল ৫টা ২১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ৩৩ ডলারে নেমে আসে। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দরও ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৬২ দশমিক ৮০ ডলারে দাঁড়ায়।
ফরেক্স ডটকমের বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্য প্রকাশের অপেক্ষায় অনেক ব্যবসায়ী লেনদেন থেকে বিরত রয়েছেন। এই প্রতিবেদন ডলারের মূল্য ও স্বর্ণের বাজারে প্রভাব ফেলতে পারে। তবে ডলারের ঊর্ধ্বগতি থেমে গেলে বছরের শেষ দিকে স্বর্ণের দাম আবার ৪ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৭০০ ডলারে উঠতে পারে বলে তিনি ধারণা করছেন।
এদিকে, বুধবার হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে নতুন কৌশল ব্যবহার করছে ইরান—এমন দাবি করেছেন দেশটির কর্মকর্তারা।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে এতে নিয়মিত সুদ বা আয় পাওয়া যায় না। তাই সুদের হার বাড়লে স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমতে পারে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলতি বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংককে আরও একবার সুদের হার বাড়াতে হতে পারে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ১.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ৫৭ ডলার এবং প্লাটিনামের দাম ০.৬ শতাংশ কমে ১ হাজার ৬৫৩ দশমিক ১৮ ডলারে দাঁড়ায়। বিপরীতে প্যালাডিয়ামের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ১৩২ দশমিক ৭০ ডলারে পৌঁছায়।
অন্যদিকে, দেশের বাজারে মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।


























