
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছেন ড. তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্রাহকদের অভিযোগের জবাব দেওয়ার পরিবর্তে হুমকির ভাষা ব্যবহার না করার আহ্বান জানান।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ড. তাসনিম জারা লেখেন, ‘মানুষ মুখ খুললেই টুঁটি চেপে ধরার এ প্রবণতা থেকে সরে আসুন। আপনারা জমিদার না। জনগণের সেবক। সেভাবেই আচরণ করুন।’
তিনি জানান, তার পরিচিত অনেক মানুষ অভিযোগ করছেন যে, আগের তুলনায় তাদের বিদ্যুৎ বিল কয়েক গুণ বেশি এসেছে। এসব অভিযোগকারীদের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং তাদের কোনো বিশেষ উদ্দেশ্যও নেই বলে উল্লেখ করেন তিনি।
তাসনিম জারা আরও লেখেন, ‘আমাদের বাসাবো, মাদারটেক ও নন্দীপাড়ার কমিউনিটি গ্রুপে বহু মানুষ একই অভিযোগ করছেন। মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আর আপনারা আসছেন হুমকি নিয়ে।’
গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিষয়টি নিয়ে সরাসরি আলোচনার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশে তিনি বলেন, ‘ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহার করুন। গণশুনানি করুন। গ্রাহকের মুখোমুখি বসুন। বিল কেন বেশি আসছে, সেই জবাব দিন।’
পোস্টের শেষাংশে ড. তাসনিম জারা বলেন, ‘হুমকি তারাই দেয়, যাদের জবাব নেই।’

























