
মো:আসিফুজ্জামান আসিফ,
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডিতে দলটিকে গোপনে সংগঠিত করার অপচেষ্টা চালাচ্ছেন যুবলীগ নেতা তামজিদ রহমান। একই সঙ্গে এলাকায় সশস্ত্র ক্যাডারদের দিয়ে মহড়া ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
তামজিদ রহমান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ধানমন্ডি থানা যুবলীগের উপ-প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে চলে গেলেও সম্প্রতি দেশে ফিরে ধানমন্ডি এলাকায় ফের তৎপরতা শুরু করেছেন এই যুবলীগ নেতা। সংশ্লিষ্ট থানাগুলোতে তার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশি নজরদারি এড়াতে নিজে আড়ালে থাকলেও পলাতক শীর্ষ নেতাদের নির্দেশনায় নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে গোপনে মোটরসাইকেল শোডাউন ও সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছেন তিনি।
এদিকে তামজিদের অনুসারী ক্যাডারদের বেপরোয়া তৎপরতায় ধানমন্ডিজুড়ে চরম নিরাপত্তাহীনতা ও ভীতি বিরাজ করছে। এলাকায় তার সন্ত্রাসী প্রভাবের কারণে স্থানীয় বাসিন্দাদের কেউই প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। তবে নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা বলেন, “তামজিদ নিজে আড়ালে থাকলেও এলাকায় তার ক্যাডার বাহিনীকে দিয়ে নিয়মিত অস্ত্রের মহড়া দেওয়ানো হচ্ছে। পুরো এলাকাকে কার্যত জিম্মি করে এক ভীতিকর পরিবেশ তৈরি করে রেখেছে তারা।”
একাধিক মামলার আসামি ও চিহ্নিত ক্যাডার হওয়া সত্ত্বেও এই যুবলীগ নেতা কীভাবে এলাকায় এমন বেপরোয়া অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ধানমন্ডিতে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তামজিদ ও তার সন্ত্রাসী চক্রকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

























